ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেওয়া হয়। পরে থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।