ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সূর্যের আলো দিয়ে সময় মাপার কোয়ান্টাম ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা
সূর্যের আলো ব্যবহার করে সময় মাপার নতুন ধরনের কোয়ান্টাম ঘড়ি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটি প্রচলিত সূর্যঘড়ির মতো নয়, বরং একধরনের আধুনিক অপটিক্যাল ঘড়ি। নতুন এই প্রযুক্তির সাহায্যে সূর্যের গতিবেগের পরিবর্তন সম্পর্কে জানা এবং এর পৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।
এমনকি ভবিষ্যতে দূরের নক্ষত্র ও সেগুলোর চারপাশে থাকা গ্রহ সম্পর্কেও গবেষণার নতুন পথ খুলে দিতে পারে এই ঘড়ি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের স্কট ডিডামস ও তাঁর সহকর্মীরা এই ঘড়ি তৈরি করেছেন। প্রচলিত অপটিক্যাল ঘড়িতে পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তনকে সময় মাপার কাজে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট দুটি শক্তিস্তরের মধ্যে ইলেকট্রনের ওঠানামা থেকে তৈরি হওয়া কম্পাঙ্ককে কাজে লাগানো হয়।
গবেষকেরা অতি স্থিতিশীল লেজারের সাহায্যে ওই কম্পাঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আলোককম্পন তৈরি করেন। পরে সেই কম্পনকে ঘড়ির সময় গণনার সংকেতে রূপান্তর করা হয়।
এ কাজে ব্যবহার করা হয় ‘ফ্রিকোয়েন্সি কম্ব’ নামের একটি যন্ত্র। এটি দৃশ্যমান আলোর কম্পনকে মাইক্রোওয়েভ সংকেতে রূপান্তর করে। এরপর ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সেই সংকেত প্রক্রিয়াজাত করা যায়।
তবে নতুন ঘড়ি তৈরিতে গবেষকেরা প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। তাঁরা লেজার ও ফ্রিকোয়েন্সি কম্ব ব্যবহার করলেও পরমাণুর পরিবর্তে সূর্যের আলোতে ঘটে যাওয়া একটি প্রক্রিয়াকে কাজে লাগিয়েছেন।
সূর্যের বায়ুমণ্ডলে থাকা লোহার পরমাণুর ওপর আলো পড়লে সেগুলোর ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে চলে যায়। সাধারণ অপটিক্যাল ঘড়িতে ইলেকট্রনের এই পরিবর্তনকে সময় মাপার ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। নতুন পদ্ধতিতে গবেষকেরা সূর্যের আলোয় তৈরি হওয়া একই ধরনের সংকেতের সঙ্গে লেজারের কম্পাঙ্ক মিলিয়ে নিয়েছেন।
এর ফলে সূর্যের আলোর বর্ণালিতে একটি বিশেষ চিহ্ন তৈরি হয়। বর্ণালি হলো আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা রঙের বিন্যাস। গবেষকেরা বিশেষ একটি তন্তুর মাধ্যমে সূর্যের আলো সংগ্রহ করে ঘড়ির মূল অংশে পাঠান। এভাবেই তৈরি হয়েছে সূর্যের আলো ব্যবহার করে সময় মাপার নতুন অপটিক্যাল ঘড়ি।
তবে নির্ভুলতার দিক থেকে নতুন এই ঘড়ি এখনো উন্নত পারমাণবিক অপটিক্যাল ঘড়িগুলোর সমপর্যায়ে পৌঁছাতে পারেনি। তারপরও নক্ষত্র ও সূর্যের বিভিন্ন পরিবর্তন পর্যবেক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এর কার্যকারিতার একটি উদাহরণ পাওয়া গেছে ২০২৪ সালের সূর্যগ্রহণের সময়। ওই দিন চাঁদ সূর্যের সামনে চলে আসায় সূর্যের আলোয় থাকা বিশেষ সংকেতে পরিবর্তন দেখা যায়। সূর্যের আলোর বর্ণালিতে এই পরিবর্তন নতুন ঘড়িটি শনাক্ত করতে সক্ষম হয়।
গবেষকদের ধারণা, ভবিষ্যতে দূরের কোনো নক্ষত্রের আলো ব্যবহার করেও এ ধরনের পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। নক্ষত্রের আলোতে বিশেষ সংকেতের পরিবর্তন বিশ্লেষণ করে সেটির চারপাশে কোনো গ্রহ ঘুরছে কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে। এ ধরনের গ্রহকে বলা হয় বহিঃসৌরগ্রহ। তবে দূরের নক্ষত্র থেকে আসা আলো অত্যন্ত ক্ষীণ হওয়ায় তা সংগ্রহ করতে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র এবং দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।
এ বিষয়ে শ্মিট মনে করেন, নক্ষত্র পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন ঘড়িটি এখনো প্রচলিত পদ্ধতির চেয়ে বাড়তি সুবিধা দিতে পারেনি। বিশেষ করে দূরের নক্ষত্র থেকে আসা অল্প পরিমাণ আলো দিয়ে ঘড়িটি কার্যকরভাবে চালানো কঠিন হতে পারে।
তবে সূর্য নিয়ে গবেষণায় প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সূর্যের পৃষ্ঠে হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণধর্মী ঘটনা, সৌরকলঙ্ক এবং সৌরবায়ুর প্রভাব পর্যবেক্ষণে এটি কাজে আসতে পারে। সৌরবায়ু হলো সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে ছড়িয়ে পড়া বৈদ্যুতিক আধানযুক্ত কণার প্রবাহ। এসব ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে বিজ্ঞানীদের সহায়তা করতে পারে নতুন এই প্রযুক্তি।
সূত্র: নিউ সায়েন্টিস্ট