ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে দুই বাসে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৮ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে দুই বাসে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনটি মোটরসাইকেলে এসে মুখোশধারী ছয় ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটের পাশে ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।

বাসের হেলপার আলম হোসেন বলেন, ভোরে মেঘলা পরিবহনের দুটি বাস ডিপোর সামনে পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটি পুড়ে যায়। এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!