ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শীতের আমেজে জমজমাট পিঠার দোকান
শীতের আগমনে নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে উঠেছে বাহারি পিঠার বেচাকেনা। ফুটপাত, সড়কের পাশ, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে পিঠার অস্থায়ী দোকান। সন্ধ্যা নামতেই এসব দোকানে ভিড় করছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। পিঠা খাওয়ার পাশাপাশি আড্ডা ও গল্পে মেতে উঠছেন ক্রেতারা। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও।
সরেজমিনে দেখা যায়, দিনের বেলায় ক্রেতার আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলো। এসব দোকানে পাওয়া যাচ্ছে ভাপা, চিতই, ডিম চিতই ও পাটিসাপটা পিঠা। এর মধ্যে ভাপা ও চিতই পিঠার চাহিদা বেশি। প্রতিটি চিতই পিঠা ৫ টাকা, ভাপা পিঠা ১০ টাকা এবং পাটিসাপটা ২০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বিশেষ ভাপা পিঠার দাম রাখা হচ্ছে ১৫ টাকা। ডিম চিতই পিঠা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
চিতই পিঠার সঙ্গে ক্রেতাদের জন্য থাকছে সরিষা, শুঁটকি, মরিচ ও ধনেপাতার ভর্তা। পছন্দমতো ভর্তা দিয়ে পিঠা খাচ্ছেন ক্রেতারা। তাদের ভাষ্য, শীতের আমেজে গরম গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা।
বিক্রেতারা জানান, শীতের মৌসুম এলেই তারা পিঠা বিক্রির কাজে যুক্ত হন। বছরের অন্য সময় বিভিন্ন পেশায় কাজ করেন। এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই প্রায় এক মাস ধরে পিঠা বিক্রি করছেন তারা।
লোহাগড়া পোদ্দারপাড়া, লক্ষ্মীপাশা পোস্ট অফিসের সামনে, লক্ষ্মীপাশা চৌরাস্তা, আলা মুন্সীর মোড়, জামরুলতা সুইচগেট, ফয়েজ মোড়, কুন্দশী চৌরাস্তা, মানিকগঞ্জ বাজার, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া ও এড়েন্দা বাজারে বসেছে এসব পিঠার দোকান। সারা বছর কমবেশি পিঠা বিক্রি হলেও শীত এলেই ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পুরুষদের পাশাপাশি অনেক নারীও এসব দোকানে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন।
ক্রেতা বিকেব, রহিমা, মিতা ও আমিন বলেন, তারা প্রায়ই এসব দোকানে পিঠা খেতে আসেন। বাড়িতে চাল ভেঙে গুঁড়া করে পিঠা তৈরির সময় ও সুযোগ হয় না। তাই অল্প দামে হাতের কাছে পিঠা পাওয়ায় দোকানগুলোই তাদের ভরসা।
লক্ষ্মীপাশা পোস্ট অফিসের সামনে পিঠা বিক্রেতা মোসা. রেবা বেগম বলেন, তার বাড়ি লোহাগড়া পোদ্দারপাড়ায়। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। মেয়ে অষ্টম শ্রেণিতে এবং ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিন তিনি এক হাজার থেকে দেড় হাজার টাকার পিঠা বিক্রি করেন। এ আয় দিয়ে সন্তানদের পড়াশোনার খরচসহ সংসার চালান। তবে শীত শেষ হলে আবার অন্য পেশায় ফিরে যেতে হয় তাকে।
লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের রহমতুল্লাহ শিশির বলেন, বাড়িতে পিঠা তৈরি করা বেশ ঝামেলার। তাই পরিবারের সদস্যদের জন্য বাজার থেকে চিতই ও ভাপা পিঠা কিনে নিয়ে যান তিনি। পরিবারের সবাই এসব পিঠা পছন্দ করেন।