ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দিনাজপুর ও হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় অগ্নিসংযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ১৮ নভেম্বর ২০২৬
দিনাজপুর ও হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর ও হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে পার্বতীপুরের ভবের বাজার এলাকায় ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা এলাকায় ব্যাংকের সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। পরপর দুই জেলায় এ ধরনের ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পার্বতীপুরের ভবের বাজার এলাকায় বুধবার ভোর ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্যাংকের নৈশপ্রহরী যোগেন বাবু জানান, ভোররাতে চার-পাঁচজনের একটি দল বাইরে থেকে ব্যাংক শাখায় আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের সবার মুখ বাঁধা ছিল। তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে স্টেশন থেকে জানানো হয়, তাদের কোনো গাড়ি ঘটনাস্থলে যায়নি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুনে ব্যাংকের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এটি নাশকতার অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত ব্যাংকের সামনের ডিজিটাল ব্যানার ও সাইনবোর্ডে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তারা বাসায় চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে। আগুনের শিখা দেখে আশপাশের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ব্যাংকের মূল ভবনে ছড়িয়ে পড়তে পারেনি। তবে সামনের ব্যানারটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং দেয়ালের কিছু অংশ কালো হয়ে গেছে।

খবর পেয়ে বুধবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!