ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফতুল্লায় হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ উঠেছে।
নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টসসংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এ সময় হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষ হয়। এতে জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন। ওই সংঘর্ষের জের ধরেই রাতে দেলুর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে রাতে দেলুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।