সমবায় দিবসে শ্রীপুরে সমবায় মার্কেট চান নেতারা
সমবায়ীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুরে পৃথক সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন সমবায়ী নেতারা। তাঁদের মতে, এ বাজার গড়ে উঠলে উৎপাদকরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়েই লাভবান হবেন।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ এবং ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া।
আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া বলেন, সমবায়ীরা নানা সমস্যায় রয়েছেন। তাঁদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ তৈরি করতে একটি বৃহৎ সমবায় বাজার প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি কৃষি সমবায় সমিতিগুলো সচল করা এবং সমবায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও তুলে ধরেন নেতারা।