মক্কার পবিত্র কাবার সামনে ছবি প্রকাশ, বিয়ের ইঙ্গিত দিলেন নীহা
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের কথা আগেই প্রকাশ্যে এসেছিল। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্ক বাগদান নাকি বিয়েতে গড়িয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী।
এবার সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন তিনি।

একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি অভিনেত্রীকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখ কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে কারও চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে কাবার পটভূমিতে দুজনকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় বিয়ের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেন নীহা। তিনি লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

অভিনেত্রীর এই বক্তব্যে তার বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
পোস্টের শেষাংশে নীহা আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
এদিকে অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সে পরিচয় প্রকাশ করেননি তিনি।
এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী। এবার বিয়ের ইঙ্গিত দিলেও জীবনসঙ্গীর পরিচয় গোপন রেখেছেন তিনি।