ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

পর্তুগালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মহিউদ্দিন পর্তুগাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৮ নভেম্বর ২০২৬
পর্তুগালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব স্মরণে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম কামরুল হাসান ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেন।

তিনি দিনটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত বলেন, ওই দিন সৈনিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে গভীর সংকট থেকে দেশকে উত্তরণের দায়িত্ব তার ওপর অর্পিত হয়।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতি গঠনে এর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তারা বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা ধারণ ও সংরক্ষণে তার অবদানের বিষয়টি তুলে ধরেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!