তজুমদ্দিনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন। এরআগে জাতীয় পতাকা ও সমবায়ি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
অনুষ্ঠিত সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজি একত্রিত করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
তজুমদ্দিন উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাঈদ আব্দুল্লাহ আল-রুমানের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইব্রাহিম, মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, শশীগঞ্জ বনবিটের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, বিএনপি নেতা অরবিন্দু দে টিটোসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।