ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে: ছাত্রদল নেতা নাছির
তারেক রহমানের সরকারকে স্থিতিশীল রাখতে আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আনোয়ারা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা এবং দুই পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘যিনি দেশ থেকে লেজ গুটিয়ে ভারতে পালিয়েছেন, তিনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। গত ১৭ বছরে ক্ষমতা দীর্ঘায়িত করতে তারা যেভাবে গুম-খুনের রাজনীতি করেছে, একই কায়দায় ডিসেম্বরে এসেও সেই রাজনীতি করতে চায়। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এ বিজয় দিবসকে নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন।
নবগঠিত কমিটির নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন রকির সভাপতিত্বে সভায় যৌথ সঞ্চালনা করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর হোসেন সবুজ ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজীব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি ও দপ্তর সম্পাদক মহসিন রিয়াজ চৌধুরী।
সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা এবং দুই পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।