ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের তিন দিন পর কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৮ নভেম্বর ২০২৬
নিখোঁজের তিন দিন পর কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চিত্রা পাড়ে মানুষের ভাড়, ইনসেটে অনিক মোল্যা। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিন দিন পর অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ নভেম্বর) বাড়ি থেকে ভ্যান নিয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় অনিক। এ সময় পাশের সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে রিহাদ বিশ্বাস (১৫) নামে আরেক ভ্যানচালকের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে রওনা হয় সে। এরপর থেকে ভ্যানসহ দুই কিশোর নিখোঁজ ছিল।

ওই দিন রাতেই পেড়লিস্থান এলাকায় চিত্রা নদী থেকে মুমূর্ষু অবস্থায় রিহাদকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে একই এলাকা থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের স্বজন ও জেলা পুলিশের সদস্যরা।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দুই পরিবারের স্বজনরা।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসতে থাকার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহালে অনিক ওরফে উসমানের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!