ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণ, চিকিৎসকের বিরুদ্ধে হামলার অভিযোগ
পটুয়াখালীর দশমিনায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে নির্মাণকাজ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি।
শনিবার (২৮ নভেম্বর) দশমিনার একটি স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, দশমিনা মৌজার এসএ ১৬৭ নম্বর খতিয়ানের জমির মালিক ছিলেন তাঁর নানা মরহুম আব্দুর রব খান। তাঁর মৃত্যুর পর ওয়ারিশসূত্রে ওই জমির মালিক হন সাইদুলের মা দিলারা বেগম, খালা রাশিদা বেগম ও মামা হানিফ খান। জমি নিয়ে বিরোধের জেরে তাঁরা দশমিনা সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৯১/২৬) দায়ের করেন। মামলাটি চলমান থাকায় আদালত বিরোধীয় জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
সাইদুলের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে দশমিনার পুজাখোলা এলাকার বাসিন্দা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাওলাদারের নির্দেশে গত ২০ নভেম্বর একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে নির্মাণকাজ শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর মামা হানিফ খান, মামি তাসলিমা বেগম, তিনি নিজে এবং তাঁর শিশু মামাতো ভাই মাসুম আহত হন। তাঁদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাদী হয়ে দশমিনা আমলি আদালতে নালিশি মামলা দায়ের করেন। আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় দশমিনা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপরও গত ২৭ নভেম্বর ডা. জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত থেকে লোকজন নিয়ে রাতের আঁধারে বিরোধীয় জমিতে নির্মাণকাজ সম্পন্ন করেন বলে অভিযোগ করেন সাইদুল।
জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে সাইদুল বলেন, ডা. জাহাঙ্গীর আলমের জমির দাতা তাঁর দুলাভাই ইসমাইল মুন্সী। আবার ইসমাইল মুন্সীর জমির দাতা ছিলেন আব্দুর রব খান। ৩৩৭ ও ২৫০১ নম্বর দাগের জমি নিয়ে বিরোধ দেখা দিলে ইসমাইল মুন্সীর ওয়ারিশ মহবুব মুন্সী গং জমির স্বপক্ষে ৫/১৯৬৩ নম্বরের একটি দলিল দাখিল করেন। দলিলটি খেপুপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত বলে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে পটুয়াখালী সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি অনুসন্ধান ও যাচাই করতে গিয়ে দাতা ও গ্রহীতার তথ্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি করেন তিনি। দলিলটি নিয়ে জালিয়াতির সন্দেহ হওয়ায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁরা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন, যার নম্বর ৯১/২০২৬।
সংবাদ সম্মেলনে সাইদুল আরও অভিযোগ করেন, ডা. জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীরা তাঁকে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি কর্মস্থল নারায়ণগঞ্জে গেলে তাঁকে গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনায় তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এর আগেও তাঁদের ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাইদুল। ওই ঘটনায় আদালতের শরণাপন্ন হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে সাইদুল পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দশমিনা থানার ওসির হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত চিকিৎসক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং আদালতের স্থিতাবস্থার আদেশ কার্যকর করে নিষেধাজ্ঞা অমান্য করে নির্মিত স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।