ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে মডেল মাদরাসা ও মডেল একাডেমিতে ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২৮ নভেম্বর ২০২৬
লালমোহনে মডেল মাদরাসা ও মডেল একাডেমিতে ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ
লালমোহনে মডেল মাদরাসা ও মডেল একাডেমির ভর্তি পরীক্ষায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ‘লালমোহন মডেল মাদরাসা ও লালমোহন মডেল একাডেমির’ ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে পৌরশহরের লাঙ্গলখালী এলাকায় প্রতিষ্ঠান দুটির নিজস্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরীক্ষায় প্লে শ্রেণির শিশুদের জন্য আনুষ্ঠানিক সাক্ষাৎকার নেওয়া হয়। পাশাপাশি নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

২০০০ সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আওতায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠান দুটি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানগুলো।  দীর্ঘ ২৬ বছরের পথচলায় এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন লালমোহন মডেল মাদরাসা ও মডেল একাডেমির পরিচালক অধ্যাপক এমএ জাহের, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাদ্দিস আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, কার্যকরী কমিটির সদস্য মাওলানা মো. রুহুল আমিন, কাজি সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ফেরদৌস এবং মডেল একাডেমির প্রধান মাওলানা আজিম উদ্দিন খানসহ আরও অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!