ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শীতের সবজির সরবারহ থাকলেও দাম বাড়তি
শীতের সবজি বাজারে সরবরাহ থাকলেও ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকদিন আগে টানা তিন দিনের বৃষ্টিতে রবি ফসলের বিপর্যয় দেখা দেওয়ায় দাম বেড়েছে বলে বিক্রেতাদের অভিমত।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৪০ থেকে ৫০টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৪০ থেকে ৫০টাকা এবং মুলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।
ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়েছে। ফলে বাজারে সবজির দাম বেড়েছে। স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় এখন বাইরের জেলা থেকে আসা সবজির ওপর নির্ভর করতে হচ্ছে। পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
খুচরা বিক্রেতা মো. আরিফ হোসেন জানান, বৃষ্টিতে ফসলের ক্ষেত নষ্ট ও ফসল অনেকটা নষ্ট হওয়ায় সবজির সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।
অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। তাঁদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয়ের সঙ্গে সবজির বাড়তি দাম সংসারের খরচ আরও বাড়িয়ে দিয়েছে। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, অসময়ের বৃষ্টিতে ধান ও শাক-সবজিসহ সবধরনের কৃষি ক্ষতির মুখে পড়েছে।
সব মিলিয়ে টানা বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগের পাশাপাশি সবজির বাড়তি দামে নতুন করে অর্থনৈতিক চাপে পড়েছেন ঝালকাঠির সাধারণ মানুষ।