ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৮ নভেম্বর ২০২৬
ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রংপুরে ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আফিক হাসান অভি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগাছা উপজেলার পবিত্রঝাড় এলাকার বাসিন্দা।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকালে নগরীর দর্শনা এলাকায় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে মোটরসাইকেলে করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন অভি।

পথে দর্শনা চৌরাস্তার মোড়ে মহাসড়কে ওঠার সময় বাস টার্মিনালগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অভি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!