ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০ দিন পর গুলিবিদ্ধ সেই হাতির আবার তাণ্ডব

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৮ নভেম্বর ২০২৬
১০ দিন পর গুলিবিদ্ধ সেই হাতির আবার তাণ্ডব
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে চিকিৎসার ১০ দিন পর আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ মাদি হাতিটি। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া এলাকায় ঢুকে বসতঘর ভাঙচুর ও সুপারি গাছের ক্ষতি করে হাতিটি। এ সময় ক্ষুব্ধ কয়েকজন স্থানীয় বাসিন্দা হাতিটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বনে ফেরানোর চেষ্টা করেন। পরে বন বিভাগের সদস্যরা হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জাহাজপুরা এলাকায় ঘোরাফেরার একপর্যায়ে কয়েকটি বসতঘর ও সুপারি বাগানের ক্ষতি করে হাতিটি। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এতে গুরুতর আহত হাতিটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

দুপুরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন। একপর্যায়ে হাতিটি বনের দিকে গেলেও পুরোপুরি পাহাড়ে প্রবেশ করেনি। এখনো বনের কাছাকাছি লোকালয়ে ঘোরাফেরা করছে এবং মাঝেমধ্যে বসতবাড়ির দিকে আসার চেষ্টা করছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে। গত ১৮ নভেম্বর টেকনাফের গভীর বনাঞ্চলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয়। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়।

চিকিৎসা শেষে হাতিটি উঠে দাঁড়ালে তার পুরুষ সঙ্গী পাশে এসে দাঁড়ায়। পরে পুরুষ হাতিটিকে অনুসরণ করে ধীরে ধীরে বনে ফিরে যায় আহত মাদি হাতিটি। তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বেগ থাকায় পরবর্তী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে চলাচল ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। এর মধ্যেই আবারও লোকালয়ে ফিরে আসে হাতিটি।

শিলখালী বনের রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। এর আগে তার শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হাতিটির পায়ে গুলি লাগায় হাড়ের একটি অংশে আঘাত রয়েছে। সেখানে এখনো ব্যথা থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। এ কারণে হাতিটি লোকালয়ে চলে আসছে। তাকে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। গুরুতর আঘাত ও চিকিৎসা সম্পন্ন না হওয়ায় হাতিটির স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়েও উদ্বেগ রয়েছে।

বন কর্মকর্তারা জানান, গত ১৮ নভেম্বর শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকায় দুর্গম পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দলের সহায়তায় ট্রাংকুইলাইজার প্রয়োগ করে হাতিটিকে অচেতন করা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে তার চিকিৎসা চলে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। গুরুতর আঘাতের কারণে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা রয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান জানান, চিকিৎসক দল হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত ছিল। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড় ও টার্সাল জয়েন্টের দুটি ক্ষত সবচেয়ে গুরুতর। ক্ষত দুটি ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। পায়ের জয়েন্টের ভেতরে একটি গুলি রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জটিল।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। তবে চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটি লোকালয়ে ফিরে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন্য হাতিটি লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন বনকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!