ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজার থেকে গ্রেপ্তার শাহরাস্তির যুবলীগের তিন নেতা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১১ নভেম্বর ২০২৬
কক্সবাজার থেকে গ্রেপ্তার শাহরাস্তির যুবলীগের তিন নেতা
কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন দাশসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তারের পর শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬)। তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশের ভাষ্য, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়। মামলাটির তদন্তে এই তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপনে এলাকায় যাতায়াত করতেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন তারা।

ওসি আরও জানান, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/চাঁদপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!