ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে নেওয়া হয়েছে।