কক্সবাজারে মাটি খুঁড়তেই বের হচ্ছে আগুন
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়াও বের হচ্ছে। মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর এলজিইডি সড়কের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।
প্রাথমিকভাবে ভূগর্ভে গ্যাসের চাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলের আশপাশে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুনের উৎসস্থলের কাছাকাছি কয়েকটি বাড়ির বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছেন।
ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, “যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের একটি ঘরে আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আসেন।”
অন্যদিকে আগুন বৈদ্যুতিক খুঁটি ও তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তবে ভূগর্ভ থেকে বের হওয়া আগুনের প্রকৃত কারণ এবং সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।