ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এক তিমিকে বাঁচাতে ২০ লাখ ইউরোর অভিযান, শেষ পর্যন্ত বাঁচল না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ২৪ নভেম্বর ২০২৬
এক তিমিকে বাঁচাতে ২০ লাখ ইউরোর অভিযান, শেষ পর্যন্ত বাঁচল না
ছবি: সংগৃহীত

জার্মানির বাল্টিক সাগর উপকূলে আটকে পড়া একটি হাম্পব্যাক তিমিকে বাঁচাতে একসময় একাত্ম হয়ে উঠেছিল দেশটির মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক প্রচার, উপকূলে ভিড় করেন হাজারো মানুষ। তিমিটির নাম দেওয়া হয় ‘টিমি’। তাকে উদ্ধারে এগিয়ে আসেন ধনকুবের, প্রাণী অধিকারকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত প্রায় ২০ লাখ ইউরো ব্যয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা) পরিচালিত হয় এক ব্যতিক্রমী উদ্ধার অভিযান। তবে সাগরে ছেড়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই মারা যায় তিমিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর ২১ নভেম্বর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে টিমিকে ঘিরে তৈরি হওয়া এই আলোচিত ঘটনার নানা দিক। প্রতিবেদনে বলা হয়েছে, তিমিটি প্রথম জার্মানির উত্তরাঞ্চলীয় উপকূলে আটকে পড়ার পর বারবার অগভীর পানিতে আটকে যাচ্ছিল। প্রায় ১২ মিটার দীর্ঘ ও ১২ টন ওজনের প্রাণীটির স্বাভাবিক আবাস আটলান্টিক মহাসাগর। কিন্তু কীভাবে এটি বাল্টিক সাগরে ঢুকে পড়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, তিমিটি প্রথম দিকে প্রায় ২০ মিটার মাছ ধরার জাল টেনে নিয়ে যাচ্ছিল। পরে সি শেফার্ড জার্মানি ও গ্রিনপিসের সদস্যরা জাল কেটে তাকে মুক্ত করেন। এরপরও একাধিকবার অগভীর পানিতে আটকে পড়ে প্রাণীটি। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা তার পাশে ছিলেন। দ্বীপের স্বেচ্ছাসেবী দমকলপ্রধান বোডো কেপনিক তিমিটির শরীর ভেজা রাখতে পানি ছিটানোর ব্যবস্থা করেন।

তবে তিমিটির শারীরিক অবস্থা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষজ্ঞদের ধারণা, প্রাণীটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। বাল্টিক সাগরের পানিতে লবণাক্ততা কম হওয়ায় তার ত্বকে ক্ষত ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল। পাশাপাশি অগভীর পানিতে বিশাল দেহ নিয়ে চলাচল করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের একটি দল পরীক্ষা করে জানায়, তিমিটিকে উদ্ধারের চেষ্টা করলে তার কষ্ট আরও বাড়তে পারে। বরং তাকে শান্তিতে মৃত্যুর সুযোগ দেওয়ার পক্ষে মত দেন সি শেফার্ড ও গ্রিনপিসের প্রতিনিধিরাও। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্ব। কেউ কেউ কর্তৃপক্ষ ও বিজ্ঞানীদের বিরুদ্ধে প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা না করার অভিযোগ তোলেন। এমনকি উদ্ধারকাজে যুক্ত ব্যক্তিদের হুমকিও দেওয়া হয়।

এ অবস্থায় তিমিটিকে উদ্ধারে এগিয়ে আসেন দুই ধনকুবের কারিন ওয়াল্টার-মমার্ট ও ওয়াল্টার গুনজ। তাদের অর্থায়নে গড়ে ওঠে একটি বেসরকারি উদ্ধারদল। দলটিতে প্রাণী বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও ছিলেন। প্রায় ২০ লাখ ইউরো ব্যয়ে তিমিটিকে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়। পরিবেশমন্ত্রী টিল ব্যাকহাউস শেষ পর্যন্ত অভিযানটি চালানোর বিষয়ে সম্মতি দেন।

কয়েক সপ্তাহের চেষ্টার পর ২৮ এপ্রিল তিমিটিকে একটি বিশেষ বার্জে তোলা হয়। চারটি নৌযানের সহায়তায় সেটি গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়। ১ মে তিমিটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরদিন তাকে সাগরে মুক্ত করা হয়। তবে উদ্ধার অভিযানের শেষ পর্যায় নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বার্জ থেকে তিমিটিকে বের করতে লেজের সঙ্গে দড়ি বা হোসজাতীয় সরঞ্জাম লাগিয়ে টানার ঘটনা ঘটে। প্রাণী বিশেষজ্ঞদের কেউ কেউ এ পদ্ধতিকে অত্যন্ত কষ্টদায়ক বলে বর্ণনা করেছেন।

উদ্ধারের পরও বেশিদিন বাঁচেনি টিমি। পরিবেশ মন্ত্রণালয়ের ট্র্যাকার-তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ৬ বা ৭ মে তার মৃত্যু হয়। অর্থাৎ সাগরে ছেড়ে দেওয়ার চার-পাঁচ দিনের মধ্যেই মারা যায় তিমিটি। পরে ডেনমার্কের আনহোল্ট দ্বীপের কাছে তার মরদেহ পাওয়া যায়। জার্মান উপকূল থেকে ওই স্থানটির দূরত্ব প্রায় ২১৫ কিলোমিটার। ময়নাতদন্তে জানা যায়, তিমিটি ছিল স্ত্রী প্রাণী। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

টিমিকে উদ্ধারের ঘটনা শুধু প্রাণী সংরক্ষণের বিষয়েই সীমাবদ্ধ থাকেনি। জার্মানিতে এটি রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও জন্ম দেয়। বিজ্ঞানীদের মতামত উপেক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, রাজনৈতিক বিভাজন এবং জনচাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়গুলোও আলোচনায় আসে। একপর্যায়ে তিমিটিকে ঘিরে মানুষের আবেগ ও প্রত্যাশা এতটাই প্রবল হয়ে ওঠে যে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনেকের কাছেই গুরুত্ব হারায়।

দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, টিমিকে বাঁচানোর চেষ্টা সফল হয়েছিল কি না, তা নিয়ে এখনো মতভেদ রয়েছে। উদ্ধারকারীদের কেউ কেউ অভিযানটিকে সাফল্য হিসেবে দেখলেও বিশেষজ্ঞদের একাংশের মতে, তিমিটির শারীরিক অবস্থা বিবেচনায় এমন অভিযান তার কষ্ট বাড়িয়েছে। শেষ পর্যন্ত টিমির মৃত্যু জার্মানিতে প্রাণী উদ্ধার, বিজ্ঞানীদের পরামর্শ এবং জনমতের প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!