ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়, নজর বিশ্ববাসীর
২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এ রায়কে রোহিঙ্গা সংকটের বিচার ও গণহত্যার দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হবে।
২০১৯ সালে ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ব্যাপক নৃশংসতার অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে দাবি করে গাম্বিয়া।
জাতিসংঘের বিভিন্ন তদন্তেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ভয়াবহতা উঠে এসেছে। সামরিক অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন।
এ মামলায় গাম্বিয়ার পাশাপাশি আরও ১১টি দেশ বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো), বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির জান্তা সরকারের দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২০২২ সালে আদালত মামলাটি শুনতে নিজের এখতিয়ার রয়েছে বলে রায় দেন। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি শেষ হয়। এরপর বিচারকেরা রায় প্রস্তুতের কাজ শুরু করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, আন্তর্জাতিক আইন এবং ভবিষ্যতে গণহত্যা-সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণে কী ধরনের প্রমাণ গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে আদালতের ব্যাখ্যার দিকে নজর থাকবে।
আইন বিশেষজ্ঞরা রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মতে, এ মামলার পর্যবেক্ষণ মিয়ানমারের বাইরেও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা ২০২৩ সালের মামলাও।
পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন বলেছেন, মিয়ানমারের মামলার সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলার কিছু মিল রয়েছে। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সামরিক অভিযান পরিচালনার বৈধতা নিয়ে দুই মামলায় উত্থাপিত যুক্তিগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে।
আইসিজের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী না থাকায় রায় বাস্তবায়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা