ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে চামড়া পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে চামড়া পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
সিরাজগঞ্জ চামড়া পোড়ানোর করাখানা উচ্ছেদের কাজ চলছে। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের সয়দাবাদে লোকালয়ে চামড়া পোড়ানোর অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে এক্সকাভেটর দিয়ে কারখানাটির সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ (আমতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ১৭ ধারায় কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে এক্সকাভেটর দিয়ে অবৈধ কারখানাটির সব স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ দূষণ হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য মালিককে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। এ সময় অভিযানের নিরাপত্তায় সিরাজগঞ্জের এসআরবি-১২-এর একদল সদস্য দায়িত্ব পালন করেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ এবং পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!