ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে মা হত্যার আসামীকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম নামে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে মায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।
গ্রেফতাররা হলেন- নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের গলায় থাকা স্বর্ণের একটি ধান তাবিজ ও কানের দুলের লোভে মাদকাসক্ত ছেলে আশরাফ আলী তার মাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী আব্দুর রাহিমের সহযোগিতায় মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায়বন্দি করেন তারা। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও ছেলেসহ তিনজনকে গ্রেফতার করে।
বুধবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ঘটনার এক ঘন্টার মধ্যে স্বর্ণালংকার উদ্ধার এবং তিনজন আসামীকেই গ্রেফতার করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। তাছাড়াও রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।