ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আগারগাঁওয়ে পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর, আহত ৪
সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় একটি পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কৃষি কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়া একদল তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় পাম্পের চার কর্মচারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামলাকারীরা পাম্পের ডিসপেনসিং মেশিন, সিসিটিভি ক্যামেরা ও কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর রোকেয়া সরণির তালতলা এলাকায় অবস্থিত হাসান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এসব অভিযোগ করেন।

চিঠিতে বলা হয়, প্রথমে কয়েকজন তরুণ বোতলে পেট্রোল সরবরাহ করতে বলেন। পাম্পের কর্মচারীরা এতে অস্বীকৃতি জানালে তারা দলবল নিয়ে পাম্পে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় ডিসপেনসিং মেশিন অচল করে দেওয়া হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, কম্পিউটারের মনিটর ও হার্ডডিস্ক ভাঙচুর করা হয়। ক্যাশে থাকা নগদ টাকাও লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ সময় পাম্পের কর্মচারীদের মারধর করা হয়। আহতদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, হামলার পর পাম্পের দুই কর্মচারীকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে সংশ্লিষ্টদের কৃষি কলেজে গিয়ে সমঝোতা করতে বলা হয়। তবে সেখানে যেতে আপত্তি জানালে উপাচার্যের অনুমতি ছাড়া তাদের উদ্ধার করা সম্ভব নয় বলে জানানো হয়।

এদিকে পাম্পের ম্যানেজারকে কৃষি কলেজে না গেলে পাম্পটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে রাত আনুমানিক ৩টার দিকে তুলে নেওয়া দুই কর্মচারীকে ফিরিয়ে দেওয়া হয় বলে চিঠিতে জানানো হয়।

এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে পাম্পটি চালু রাখা সম্ভব হচ্ছে না উল্লেখ করে বিপিসি চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

উল্লেখ্য, হাসান ফিলিং স্টেশনটি যমুনা অয়েল কোম্পানির ডিলার হিসেবে পরিচালিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!