ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের অতিগোপনীয় জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অতিগোপনীয় নেটওয়ার্ক এনএসএনেট’ অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সংস্থাটির অধিকাংশ কর্মীর জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের দিয়েই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এনএসএ কর্মীদের ব্যবহৃত একটি ভয়েসমেইল ইনবক্সের রেকর্ডিং এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নেটওয়ার্কটি সচল করার কাজ চলমান থাকায় কর্মীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কর্মীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়, যখন এর কয়েক ঘণ্টা আগেই তাদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক কী কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, তা স্পষ্ট নয়। এর আগে মঙ্গলবার দিনের শুরুতে সমস্যার সমাধানে কাজ চলার সময় কর্মীদের ধাপে ধাপে অফিসে আসার নির্দেশ দিয়েছিল সংস্থাটি।
বিষয়টি সম্পর্কে অবগত ছয়জন ব্যক্তির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘এনএসএনেট’ নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা অভ্যন্তরীণভাবে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। তবে এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটি সাময়িক কারিগরি ত্রুটির মুখে পড়ে। এতে কিছু অভ্যন্তরীণ সিস্টেম প্রভাবিত হলেও মূল ও জরুরি কার্যক্রম সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতাও অব্যাহত আছে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যক্রম চালু রাখতে সংস্থাটির অবকাঠামোয় একাধিক বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্ক পুনরুদ্ধারের কাজ চললেও তা এখনো পুরোপুরি শেষ হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে শনাক্ত হওয়া বড় ধরনের সফটওয়্যার দুর্বলতা দূর করতে একটি আপডেট প্রয়োগের পর এনএসএর এই বিভ্রাট দেখা দেয়।
ফক্স বিজনেসকে ক্লেটন বলেন, ওই সমস্যার পর সফটওয়্যার প্যাচ প্রয়োগের কাজ চলছিল। কিন্তু আপডেট দেওয়ার পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী পুনরায় চালু হয়নি। মঙ্গলবার এনএসএতে ঠিক এমন ঘটনাই ঘটেছে।
ক্লেটনের উল্লেখ করা দুর্বলতাগুলো মূলত ‘পিএইচপি’ নামের একটি প্রোগ্রামিং ভাষায় পাওয়া গেছে। বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গবেষকেরা এসব ত্রুটি শনাক্ত করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বড় প্রতিষ্ঠান সেগুলো সমাধানে উদ্যোগ নেয়।
এনএসএও বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সফটওয়্যার প্যাচ প্রয়োগের আহ্বান জানিয়েছিল। পিএইচপির এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য থাকা মেমোরি পড়তে পারত। তবে ক্লেটনের দাবি, এনএসএর বর্তমান বিভ্রাটসহ সাম্প্রতিক কোনো প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার সংশ্লিষ্টতার লক্ষণ নেই।
বর্তমান ও সাবেক দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে এশিয়া সফরে থাকলেও এনএসএনেটের এই অচলাবস্থার কারণে তাঁর কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছাতে সমস্যা হবে না। তাঁদের ভাষ্য, সরকারের হাতে একাধিক বিকল্প ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তখন ফিলিপাইনে অবস্থান করছিলেন এবং পরদিন তাঁর চীন যাওয়ার কথা ছিল।
এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, এনএসএনেট মূলত একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। এতে পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা থাকায় পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার আশঙ্কা কম। এ বিভ্রাট তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির কাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলো চালিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা সংস্থাটির রয়েছে।
মঙ্গলবার সকালে এনএসএ কর্মীদের জন্য রাখা ভয়েসমেইল ইনবক্সের রেকর্ডিংয়ে পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়। মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণের তিনটি প্রধান সতর্কতা স্তরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ওই রেকর্ডিংয়ে জরুরি নয় এমন কর্মীদের ধাপে ধাপে এবং জরুরি দায়িত্বে থাকা কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে আসতে বলা হয়েছিল। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ইনবক্সের বার্তা পরিবর্তন করে ‘কোড গ্রিন’ করা হয়। তখন কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিতে বলা হয়েছিল। তবে ওই সময় নেটওয়ার্কের বিভ্রাট পুরোপুরি সমাধান হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না। পরে মঙ্গলবার গভীর রাতে সতর্কতা পরিবর্তন করে ‘কোড অরেঞ্জ’ জারি করা হয়। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিকাংশ কর্মীর জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় বলে ভয়েসমেইল রেকর্ডিং ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য থেকে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটিতে এ বিভ্রাটের আগে দেশটির বিভিন্ন এয়ারলাইনস ও বড় প্রতিষ্ঠানে একাধিক প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। শুক্রবার বড় ধরনের সিস্টেম বিপর্যয়ের পর কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়।
তবে এনএসএর অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে এ ধরনের বড় বিপর্যয় এবারই প্রথম নয়। সংস্থাটির তৎকালীন এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, ২০০০ সালে প্রযুক্তিগত ত্রুটির কারণে এনএসএর কম্পিউটারগুলো প্রায় তিন দিন অচল ছিল। এতে ফোর্ট মিডে গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণের কাজ ব্যাহত হয়।