ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুড়ল পুলিশের গাড়ি
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুর। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মহানগরীর ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। একপর্যায়ে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আটকা পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালেকের বাড়ি এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে গাজীপুর থেকে ঢাকামুখী ও ময়মনসিংহমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।