ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড, গিনেস বুকে নাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ১৭ নভেম্বর ২০২৬
মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড, গিনেস বুকে নাম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার দুটি বিশ্বরেকর্ড গড়েছে। বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে স্থাপনাটি।

সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি ভবনের ভেতরে বিশ্বের সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত। এটিই বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন জানিয়েছে, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক দুটি স্বীকৃতির সনদ গ্রহণ করেছে।

কেন্দ্রটিতে মহাকাশবিজ্ঞান, মহাবিশ্বের রহস্য, চাঁদ দেখার প্রযুক্তি এবং সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা সেখানে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, বিকাশ ও বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জানার সুযোগ পান।

রয়্যাল কমিশনের মতে, এ স্বীকৃতি ক্লক টাওয়ারের অনন্য স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি জ্ঞানচর্চা ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

কেন্দ্রটির পর্যবেক্ষণ মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ক্লক টাওয়ারটি স্থাপত্যের নিদর্শনের পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা ও পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!