ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১৭ নভেম্বর ২০২৬
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৮) ও তার স্ত্রী হান্না সরকার (৪৪)। স্বপন কুমার রায়ের বাবার নাম জ্ঞানেন্দ্র রায়। তারা মোটরসাইকেলে খুলনা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার নিজেদের ব্যবহৃত মোটরসাইকেল (নম্বর: হ-১৮-২৫০৩) নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস (নম্বর: বগুড়া-জ-১১-০০৩৮) তাদের চাপা দেয়।

এতে স্বপন কুমার রায়ের শরীর থেঁতলে যায় এবং হান্না সরকারের বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হান্না সরকারকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!