ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ এখন ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষার অংশ হিসেবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে তা ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
মঙ্গলবার বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। আর এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
মন্ত্রীর ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।