ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১৭ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
সড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার দুপুরে শ্রীপুরের ১ নম্বর সিএনবি এলাকায় ভিনটেজ ডেনিম কারখানার সহস্রাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় অন্তত ২০টি যানবাহনের কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। কিন্তু পুলিশের ধাওয়ার পরও শ্রমিকেরা বিভিন্ন স্থানে আবারও জড়ো হওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও ময়মনসিংহমুখী উভয় লেনে আটকা পড়ে হাজারো যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। অবরোধের কারণে মুহূর্তেই মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে। কারখানার সামনে অন্তত ২০টি যানবাহনের কাঁচ ভাঙচুর করা হয়।
বিকেল সাড়ে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল শুরু হলেও আধা ঘণ্টার মধ্যে শ্রমিকেরা আবারও সড়কের বিভিন্ন স্থানে জড়ো হন। ফলে পরিস্থিতির আর উন্নতি হয়নি। বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিকেল পৌনে চারটার দিকে সরেজমিনে দেখা যায়, ভিনটেজ ডেনিম কারখানার সামনে ৫০ থেকে ৬০ জন শ্রমিক অবস্থান করছেন। মহাসড়কের দুই পাশে সারি সারি যানবাহন দাঁড়িয়ে রয়েছে। কারখানা থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণেও বিক্ষিপ্তভাবে কয়েকজন শ্রমিককে অবস্থান করতে দেখা যায়। ওই সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর তাঁরা আবারও জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে নিরাপত্তার শঙ্কায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিক নজরুল ইসলাম বলেন, বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা আন্দোলন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই মহাসড়ক অবরোধ করেছেন।
আরেক শ্রমিক সাইফুল আলম বলেন, তাঁরা সড়ক অবরোধ করলেও কোনো যানবাহন ভাঙচুর করেননি।
এদিকে ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিকদের আন্দোলনের প্রভাবে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এতে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ভিনটেজ ডেনিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রীপুরের দু-একটি পয়েন্টে শ্রমিকেরা দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!