ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁঠালিয়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী বিদ্যালয়ের সভাপতি

এমপির নির্দেশে নাম পরিবর্তনের দাবি প্রধান শিক্ষকের
আতিকুর রহমান, ঝালকাঠি ॥
প্রকাশিত: ১৬:৫১, ১৭ নভেম্বর ২০২৬
কাঁঠালিয়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী বিদ্যালয়ের সভাপতি
কাঠালিয়া চেচরীরামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফটক। ইনসেটে রেবা রানী মন্ডল।

‎ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবা রানী মণ্ডলকে চেঁচরিরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকায়  ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের এই নেত্রী কীভাবে বিদ্যালয়টির সভাপতি হলেন, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কমিটি গঠন প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য।


‎‎    গত ৭অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রেবা রানী মণ্ডলকে সভাপতি মনোনীত করার বিষয়টি প্রকাশ পেলে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।


‎    চেঁচরিরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার খরাতি দাবি করেছেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্দেশনা অনুযায়ী তিনি সভাপতি পদে রেবা রানী মন্ডলের নাম প্রস্তাব করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকেও রেবা রানী মণ্ডলকে সভাপতি করার বিষয়ে মৌখিক নির্দেশনা পেয়েছিলেন বলে দাবি করেন তিনি।


‎‎প্রধান শিক্ষক তপন কুমার খরাতি আরো বলেন, সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করে ইউএনও কার্যালয়ে পাঠানো হয়েছিল। তালিকায় প্রথমে রেবা রানী মণ্ডল, দ্বিতীয় স্থানে সাবেক শিক্ষক আব্দুল মান্নান এবং তৃতীয় স্থানে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী কামরুন্নাহারের নাম ছিল। ‎


‎    তপন কুমারের ভাষ্য, ইউএনও কার্যালয় থেকেও তাঁকে মৌখিকভাবে রেবা রানী মণ্ডলকে সভাপতি করতে বলা হয়েছিল। বিএনপির লোকজনের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি। তবে কমিটি বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। তাঁর দাবি, এ বিষয়ে সংসদ সদস্যের লোকজন আগে থেকেই জানতেন।


‎‎তবে প্রধান শিক্ষকের বক্তব্যের সঙ্গে ইউএনও এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য পরস্পর বিরোধী পাওয়া গেছে।


‎‎    কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আকন বলেন, “কে বা কারা মহিলা আওয়ামী লীগ সভানেত্রীর নাম দিয়েছে, আমি জানি না। হয়তো এমপি সাহেব জানেন।”


‎‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, “ আওয়ামী লীগের নেত্রী রেবা রানী মণ্ডল, সেটা জানতাম। তবে চেঁচরিরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি হয়েছেন, তা অ্যাডহক কমিটি বোর্ড থেকে অনুমোদনের পর জেনেছি। এমপির নির্দেশে তিনি সভাপতি হয়েছেন কি না, তা আমি জানি না।”


‎‎    এদিকে, সদ্য অনুমোদিত কমিটির সভাপতি রেবা রানী মণ্ডল বলেন, সংসদ সদস্য তাঁকে ফোন করে বিদ্যালয়ের সভাপতি করার কথা জানিয়েছিলেন এবং এতে তাঁর আপত্তি আছে কি না জানতে চেয়েছিলেন। জবাবে তিনি আপত্তি নেই বলে জানান। তবে এর আগে-পরে কমিটি গঠনের বিষয়ে আর কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
‎ 

   ‎রেবা রানী মণ্ডল কাঁঠালিয়ার কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। এ ছাড়া তিনি ঝালকাঠি জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবিষয়ে কাঁঠালিয়ার ইউএনও মো. মকবুল হোসেন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তিনজনের নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। সেখান থেকে নামগুলো জেলা পর্যায়ে পাঠানো হয় এবং পরে বোর্ডে যায়। তিনি বলেন, “আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সভাপতি করতে বলিনি।”


এ ব্যাপারে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ব্যবহৃত ০১৭১১৫৪৭৪৪৪ নম্বরে দুইবার কল দিলে তিনি কেটে দেন, ওই নম্বরের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি রিসিভ করেননি। 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!