ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শরবতখালী খালসংলগ্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে বলে জানতে পারে কোস্ট গার্ড।
পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালান। এ সময় বনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২টি এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, অস্ত্র ও গোলাবারুদ মজুতকারী ডাকাত দলকে শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সরকারের নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।