ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ নারী নক্ষত্র ]

সমাজকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে চলনবিলের রেখা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১৭ নভেম্বর ২০২৬
সমাজকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে চলনবিলের রেখা
তিনি প্রমাণ করেছেন, দায়িত্ব নিতে পারলে একজন মেয়েও পুরো পরিবারের বটবৃক্ষ হতে পারে। রেখার এই অদম্য পথচলা আরও সুন্দর হোক, এগিয়ে যাক বহুদূর!

সব বাধা পেরিয়ে রেখা আজ একজন সফল উদ্যোক্তা। চলনবিলের দেশি মাছের শুঁটকি, ছাতু, ঘানি ভাঙা সরিষার তেলসহ নানা পণ্য তৈরি করছেন। শুধু উৎপাদনই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে শিখেছেন ইন্টারনেটের ব্যবহার।

সমাজ বলেছিল 'কালো মেয়ে, বিয়ে হবে না', সেই সমাজকেই আজ আঙুল তুলে দেখিয়ে দিয়েছে চলনবিলের রেখা! মাঠে-ঘাটে, নদী-নালায় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তিনি। কাজের সুবিধার জন্য শার্ট-প্যান্ট পরেই ঘুরে বেড়ান চলনবিলের প্রান্তরে। শার্ট-প্যান্ট পরা এই মেয়েটিকে সাধারণ কেউ ভাবলে মস্ত বড় ভুল করবেন!

"গায়ের রঙ কালো, বিয়ে হবে না", সমাজের এমন হাজারো কটাক্ষ শুনেও কখনো দমে যাননি রেখা। বরং ঈদে প্রায় ৩০ জন এতিম শিশুর জন্য নতুন জামাকাপড় আর খাবার কিনে দিয়েছেন নিজের উপার্জনে। 

এতিম শিশুদের প্রতি কেন তার এতো টান? 
এই প্রশ্নের জবাবে রেখা বলেন, "আমার বাবা নেই। ছোটবেলায় কখনো বাবার হাত ধরে ঈদের কেনাকাটা করতে পারিনি, ঈদের আনন্দ কী তা বুঝিনি। আমি নিজেই একজন এতিম, তাই বুঝি এতিমদের ঈদের দিনটা কেমন কাটে। ওদের মুখে হাসি দেখে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।"

রেখার আজকের এই অবস্থানের শুরুটা হয়েছিল মাত্র ৩০ কেজি আম বাকিতে নিয়ে। সেই আম বিক্রি করে ৪,০০০ টাকা পান, যার থেকে ৩,০০০ টাকা বাগান মালিককে শোধ করে বাকি ১,০০০ টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করেন।

একসময় এমন দিনও গেছে, সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও মজুরি পাননি। ভেবেছিলেন মজুরির টাকায় অসুস্থ মায়ের জন্য খাবার আর ওষুধ কিনবেন, কিন্তু টাকা না পাওয়ায় সেদিন মা-মেয়েকে না খেয়েই থাকতে হয়েছিল। যেখানে পুরুষদের মজুরি দেওয়া হতো ৫০০ টাকা, সেখানে নারী হওয়ায় তাকে দেওয়া হতো মাত্র ৩০০ টাকা।

সব বাধা পেরিয়ে রেখা আজ একজন সফল উদ্যোক্তা। চলনবিলের দেশি মাছের শুঁটকি, ছাতু, ঘানি ভাঙা সরিষার তেলসহ নানা পণ্য তৈরি করছেন। শুধু উৎপাদনই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে শিখেছেন ইন্টারনেটের ব্যবহার। 

নিজের ওয়েবসাইট খুলেছেন, নিজেই ভিডিও ও কন্টেন্ট তৈরি করে অনলাইনে পণ্য বিক্রি করছেন। তার স্বপ্ন, গণ্ডিটা শুধু সিংড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া।

মানুষ তাকে বলতো, "এগুলো তো মেয়েদের কাজ না, তুমি কেন করো? তোমার কি বাবা-ভাই নেই?" 

রেখার সোজা উত্তর,"আমি না খেয়ে থাকলে তো আর সমাজের মানুষ দুটো ভাত দিয়ে যাবে না!"

বর্তমানে মা, বোন আর ছোট ভাগ্নেসহ চারজনের সংসারের পুরো দায়িত্ব রেখার কাঁধে। মায়ের ওষুধ, সংসারের বাজার, বোনের চিকিৎসা আর ভাগ্নের পড়াশোনার সব খরচ তিনি একাই চালান। 
মজার ব্যাপার হলো, দায়িত্বশীলতার কারণে তার মা তাকে আদর করে 'বাবা' বলে ডাকেন!

 প্রথম আয়ের টাকায় মায়ের জন্য কাপড় কিনেছিলেন তিনি। রেখার এখন একটাই স্বপ্ন, মাকে সুন্দর একটা জায়গা কিনে সেখানে ছোট্ট একটা বাড়ি করে দেওয়া, আর দিনশেষে পরিবারের সবার সাথে তিন বেলা তিন মুঠো ভাত খাওয়া।

সমাজ সবসময় শিখিয়েছে বংশের বাতি মানেই একজন ছেলে সন্তান। কিন্তু রেখা দেখিয়ে দিয়েছেন, বংশের বাতি হতে ছেলে হতে হয় না, একজন দায়িত্ববান সন্তানই যথেষ্ট। রেখার ভাষায়,  "মেয়েরাও বংশের বাতি। আমি মনে করি আমার বংশের বাতি আমি, আমার বংশের প্রদীপ আমি।"

আমাদের সমাজে আজও অনেক পরিবারে মেয়ে সন্তান হলে মন খারাপ করা হয়, ভাবা হয় বংশের বাতি জ্বালানোর কেউ থাকল না। রেখা সেই সব মানুষদের জন্য একটা উদাহরন। 

তিনি প্রমাণ করেছেন, দায়িত্ব নিতে পারলে একজন মেয়েও পুরো পরিবারের বটবৃক্ষ হতে পারে। রেখার এই অদম্য পথচলা আরও সুন্দর হোক, এগিয়ে যাক বহুদূর!

সূত্র : Diary of She

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!