ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
পরপুরুষ
দুঃখগুলো ফি আমানিল্লাহ বলে যেতে যেতে
বারবার ফিরে আসে
ভেবেছিলাম তোমাকে বিদায় দিয়ে
কভু দেখব না পেছন ফিরে
আজ যাত্রা পথে হঠাৎ চোখ আটকে গেল পুস্কুনির ঐ ঘাটে
নোলকের বেড়ি নাকের ডগায় ঝুলিয়ে
সম্পর্কের বন্ধনে নিজেকে জড়িয়েছ অন্যের লতানো ডালে
সবুজ জলে তোমার ছায়া যেন গলে গলে ঝরছে
বিষন্ন বদনে ঘাটে বসে জলের ঢেউয়ে কারো যেন ছবি আঁকছে
সোনাঝরা রোদের মাঝেও কেন অন্ধকার মেঘের ঘনঘটা মুখখানা জুড়ে
তাকিয়ে থেকে ভুলেই গিয়েছিলাম তুমিই আমার হাতের মুঠো খুলে
মায়াটুকু জলাঞ্জলী দিয়েছিলে
হঠাৎ সম্বিৎ এলো ফিরে
না না আজ আর দেখার অধিকার নেই এভাবে
তবে তোমাকে এভাবে দেখার লোভ পারি কি সামলাতে
সেই চিরচেনা আমার ভালোবাসা আজ উদাসী সমীরে
নিজেকে মেলে ধরেছে চোখের কোনে ছলছল লবণ জলের নিমন্ত্রণে
তবে তুমি কি ভালো নেই কোনো কারণে
কেন অবসাদের জালে নিজেকে জড়িয়ে
ঐ চাঁদগড়ন মুখখানি রেখেছ আঁধারের ছায়া মেখে
আনমনেই হেঁটে গেলাম ভালোবাসার টানে
তবে শূন্য হাতেই ফিরতে হলো তোমার শরীরের গন্ধ আমার শরীরে জড়িয়ে
কারণ আমি আজ পরপুরুষ আর তুমি অন্যের নারী বলে...!!