কবিতা ও মানুষের আত্মিক স্পন্দন
সাহিত্যকে যদি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনবোধ ও বাস্তবতার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়, তবে একটি বেদনাহত সত্যি চোখের সামনে ভেসে ওঠে—এখন আর সাধারণ মানুষ সেভাবে কবিতা পড়ে না।
পড়লেও কেবল এক কবি আরেক কবির লেখা পড়েন। এমনকি, স্কুলের গণ্ডিতে পাঠ্যবইয়ের কবিতা পড়ার সময়ও শিক্ষার্থীরা তার ভেতরের অনুধাবন শক্তিটাকে কাজে লাগাতে পারে না। এর মূল কারণ আমাদের পরীক্ষাভিত্তিক শিক্ষাব্যবস্থা।
শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য থাকে পরীক্ষার গণ্ডি পার হওয়া; তাই তারা কবিতার প্রতিটি লাইন আন্ডারলাইন করে মুখস্থ করে, যাতে নম্বর পাওয়া যায়। তাছাড়া বাজারের গাইডবুকগুলো তো অনুধাবনমূলক এমসিকিউ ও সাজানো প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের সেই পরিশ্রমটুকুও কেড়ে নিয়েছে।
অবস্থাটা অনেকটা এমন—ছোট বাচ্চারা যেমন নিজে হাতে খেতে জানে না, মায়েরা যেমন চামচে করে মুখে খাবার তুলে দেয়, আমাদের শিক্ষাব্যবস্থাও পাঠকদের তেমনি পরনির্ভরশীল করে তুলেছে। এর ওপর পরীক্ষার হলগুলোতে সার্বিক শৃঙ্খলা বা মেধার প্রকৃত মূল্যায়ন প্রশ্নবিদ্ধ থেকে যায়, আর যারা বানিয়ে লেখে, তাদের রচনার ভাষা ও কাঠামোর করুণ দশা দেখলে সাহিত্যের কঙ্কালসার রূপটি স্পষ্ট হয়ে ওঠে।
যাহোক, এবার মূল প্রসঙ্গে আসা যাক। এদেশের গুটিয়েক মানুষ হয়তো প্রাতিষ্ঠানিক বা নান্দনিক বিভিন্ন ‘বাদ’ ও তত্ত্বের ওপর ভর করে কবিতার গভীরে প্রবেশ করতে পারেন; বাকিরা নিজেদের সাথে কেবল কৃত্রিম জোর করে যান।
আর বাকি যারা সাধারণ পাঠক, তাদের অবস্থা আরও করুণ। তারা আল মাহমুদ কিংবা জীবনানন্দ দাশের মতো মহান কবিদের কবিতাও হৃদয় দিয়ে অনুভব করতে পারেন না।
যদি গত দেড় শ বছরের বাংলার সাহিত্য ইতিহাসকে আমরা পর্যালোচনা করি, তবে দেখব এদেশের মানুষ কবিতার মাঝে ভাতের গন্ধ বা জীবনের আসল স্বাদ অনুভব করতে পেরেছে মূলত দুজনের লেখায়—এক. রবীন্দ্রনাথ ঠাকুর এবং দুই. কাজী নজরুল ইসলাম।
খুব সাহস করে যদি বলতে হয়, তবে এদেশের মানুষের মাটিঘেঁষা হৃদয়ে কাজী নজরুল ইসলামের প্রভাব ও স্পন্দন যেন একটু বেশি প্রখর। এর কারণ কী? কারণ হলো, দুঃখ-দুর্দশা ও বঞ্চনা এদেশের মানুষের চিরায়ত সঙ্গী।
এদেশের মানুষ পেটে ভাত না পেয়ে ধুঁকেছে, যুগ যুগ ধরে শোষণ সহ্য করেছে। তাই নজরুলের কবিতার বর্ষার ঝমঝম ছন্দ, শব্দের ইস্পাতকঠিন ঝংকার আর রণ-ঝনঝন আওয়াজ তাদের অবচেতন মনকে নাড়া দেয়; তারা সেই দ্রোহ ও সুরকে হাততালি দিয়ে লুফে নেয়। নজরুল তাদের শোষিত অস্তিত্বের কথাই নিজের গলার স্বরে ফুটিয়ে তোলেন।
তবে দিনশেষে আমার দৃঢ় বিশ্বাস, আপামর জনতার সেই কবিতা শোনার বা ভালোবাসার আগ্রহ একবিন্দুও হারিয়ে যায়নি। সমস্যা অন্য জায়গায়।
আমাদের দেশের তথাকথিত ‘লিটারেরি এলিট’ বা সাহিত্যিক অভিজাত শ্রেণি সাধারণ মানুষের সেই সহজ ও প্রাণবন্ত সাহিত্যরসিকতা কেড়ে নিয়েছে। তারা কবিতাকে জটিল করে তুলেছে, সাধারণের নাগাল থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আর মূল তফাৎ বা ব্যবধানটি ঠিক এখানেই।