সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে এসআরবি সূত্র জানায়, তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকে আসামি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
এ ছাড়া ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।