ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]

ফ্রি বলে কিছু নেই

শিল্পের গল্প যৌনতার নয়, বিশাল অঙ্কের টাকার
মনিরুল ইসলাম জামাল
প্রকাশিত: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬
ফ্রি বলে কিছু নেই
আমার কাছে এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা যাকে ব্যক্তিগত পছন্দ ভাবি, তার পেছনে প্রায়ই দাঁড়িয়ে থাকে নির্মম পুঁজির হিসাব

যা বিনা পয়সায় মিলছে, তার দাম আপনি অন্যভাবে দিচ্ছেন। ফ্রি বলে কিছু নেই। প্রতিদিন ইন্টারনেটে আপলোড হয় হাজার হাজার ঘণ্টার পর্নোগ্রাফিক কনটেন্ট। ব্যস্ত সময়ে ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় দশ শতাংশ যায় এর পেছনে। সংখ্যাটা বিরাট, তাই প্রশ্নটা নৈতিকতার আগে অর্থনীতির। 

এত মানুষ যা দেখে, তার টাকা যায় কার পকেটে? এই প্রশ্নের পেছনে ছয় বছর ধরে ছুটেছেন ফাইন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক প্যাট্রিসিয়া নিলসন। 

বিবিসির দ্য গ্লোবাল স্টোরিতে তিনি যা বলেছেন, তার সারকথা একটাই। এই শিল্পের গল্প যৌনতার নয়, বিশাল অঙ্কের টাকার। আর সেই মেকানিজম শুধু পর্নোগ্রাফিতে আটকে থাকেনি, পুরো ইন্টারনেটে ছড়িয়ে গেছে।

তাঁর বই Guilty Pleasure: The Pornification of the Internet-এ তিনি লিখেছেন, পুরোনো যুগের পর্নো-ব্যবসায়ীরা অন্তত চেনা মুখ ছিলেন। আজকের মালিকেরা মুখ লুকিয়ে ব্যবসা করেন। তাই প্রশ্ন : টাকা যায় কোথায়?

এবার দেখুন কথা আর কাজের ফারাক। দর্শককে বলা হলো, সব ফ্রি, ক্লিক করুন, দেখুন। অথচ ফ্রি কনটেন্টের পেছনে দাঁড়িয়ে ছিল বিশাল পুঁজি, বিজ্ঞাপন আর ট্র্যাকিং-নির্ভর হিসাব। বিনা মূল্যের মোড়কে ছিল পুঁজির হিসাব। সোজা কথায়, টাকা আসে তিন উৎস থেকে।

প্রথমটা বিজ্ঞাপন। ফ্রি সাইটে যত দর্শক, তত বেশি বিজ্ঞাপনের জায়গা বিক্রি হয়। বিজ্ঞাপনদাতা সাধারণত প্রতি হাজার বার দেখানোর জন্য, কখনো প্রতি ক্লিকের জন্য সাইটকে টাকা দেয়। আপনি কিছু না কিনলেও আপনার উপস্থিতিই বিক্রি হয়।

দ্বিতীয়টা রেফারেল, যা এই ব্যবসার প্রাণ। ফ্রি সাইটটা অনেকটা বিজ্ঞাপনের দোকানের মতো, যার কাজ দর্শককে অন্য পেইড সাইটে পাঠানো। কেউ সেই লিংক ধরে গিয়ে সাবস্ক্রিপশন নিলে বা সাইনআপ করলে পেইড সাইট রেফার করা সাইটকে কমিশন দেয়। 

ই-কমার্সের রেফারেল লিংকের মতোই, যে লিংক বসিয়েছে সে একটা অংশ পায়। এই হিসাব রাখতে লাগে বিশেষ ট্র্যাকিং সফটওয়্যার, যা দেখে কোন ক্লিক কোথা থেকে এল আর কে কত পাবে।

তৃতীয়টা সাবস্ক্রিপশন। ফ্রি ভিডিও আসলে টোপ। যারা আরও চায়, তাদের একটা অংশ মাসিক সাবস্ক্রিপশনে চলে যায়। এরা সংখ্যায় কম, কিন্তু প্রতিজনের কাছ থেকে নিয়মিত টাকা আসে।

এই তিনটা মিলে তৈরি হয় এক চক্র। ফ্রি কনটেন্ট দর্শক টানে, দর্শক বিজ্ঞাপনে আয় আনে, একটা অংশ রেফারেলে পেইড সাইটে যায়, আর সেখান থেকে কমিশন ও সাবস্ক্রিপশনের টাকা ঘোরে। 

  • ট্র্যাফিক যত বড়, চক্র তত লাভজনক।
  • কিন্তু এই ব্যবসা একদিনে গড়ে ওঠেনি।

শুরুটা সত্তর-আশির দশকের ক্যালিফোর্নিয়ায়, যাকে অনেকে এই শিল্পের স্বর্ণযুগ বলেন। তখন ব্যবসা ছিল স্টুডিও আর প্রযোজকের হাতে। বিনামূল্যের অনলাইন পর্নো আসার পর পুরো হিসাব উল্টে গেল।

এই বদলের কেন্দ্রে ছিলেন জার্মান উদ্যোক্তা ফেবিয়ান থিলম্যান (Fabian Thylmann)। নব্বইয়ের দশকের শেষে তিনি NATS নামে ঠিক সেই ট্র্যাকিং সফটওয়্যারটাই বানান, যা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হিসাব রাখত। ২০১০ সালে দুটি কোম্পানি কিনে তিনি গড়েন ম্যানউইন। এরপর এল ওয়াল স্ট্রিট। ২০১১ সালের এপ্রিলে বত্রিশ বছর বয়সী থিলম্যান সেখান থেকে ৩৬২ মিলিয়ন ডলারের ঋণ পান।

নিলসনের অনুসন্ধান দেখায়, পর্নহাবের উত্থানের পেছনে ছিল আর্থিক বাজারের অর্থ। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে মানুষের চোখের সামনে কাটানো সময় সরাসরি টাকায় রূপ পেল। ক্লিক, ট্র্যাফিক আর রেফারেলের চক্রে ঘুরতে থাকল বিপুল অঙ্ক। পরে এই একই ব্যবসামডেল পর্নোর গণ্ডি ছাড়িয়ে ইন্টারনেটের বাকি অংশেও ছড়িয়ে পড়ল।

থিলম্যানের পর পর্নহাবের নিয়ন্ত্রণ কার হাতে গেল, তা নিয়েও আছে এক রহস্যের অধ্যায়। নিলসন খুঁজেছেন এর গোপন মালিককে। যে প্ল্যাটফর্ম কোটি মানুষের স্ক্রিনে চলে, তার মালিকের পরিচয় অন্ধকারে থাকে, এটাই আজকের ডিজিটাল দুনিয়ার এক অস্বস্তিকর সত্য।

তারপর এল স্মার্টফোন আর ব্যক্তিগত তথ্যের যুগ। মানুষের আগ্রহ, অভ্যাস আর আচরণ এখন পণ্য। সবশেষে ওনলিফ্যানস এসে দেখাল, কনটেন্ট নির্মাতারা সরাসরি দর্শকের কাছ থেকেই আয় করতে পারেন। এতে এই শিল্পের ক্ষমতার মানচিত্র আবার বদলাল, আর ইন্টারনেটেরও।

আজ এআই নিয়ে যে উত্তেজনা আর উদ্বেগ, নিলসন সেখানেও এই শিল্পের ছায়া দেখেন। মনোযোগ, ডেটা আর অনিয়ন্ত্রিত বিস্তারের যে নকশা পর্নোর বাজার গড়ে দিয়েছিল, প্রযুক্তি-দুনিয়া সেই পথেই হাঁটছে।

আমার কাছে এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা যাকে ব্যক্তিগত পছন্দ ভাবি, তার পেছনে প্রায়ই দাঁড়িয়ে থাকে নির্মম পুঁজির হিসাব। অথচ প্রশ্নগুলো কেউ করে না। যে ব্যবস্থা মানুষের দুর্বলতা থেকে মুনাফা তোলে, তার জবাবদিহি কোথায়?

যে প্ল্যাটফর্ম আমাদের তথ্য নিয়ে ব্যবসা করে, তার মালিক কে? আর লাভ তাদের, ক্ষতির দায় কেন সবসময় অন্যের?
ইন্টারনেট আমাদের হাতে এসেছে বিনা মূল্যে, এমন বুঝ দেওয়া হয়। বাস্তবে আমরাই সেই মূল্য।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!