চাকরিরত অবস্থায় দলীয় সম্পৃক্ততা গুরুতর বিষয়: জাহেদ উর রহমান
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, ‘বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা তাঁদের দায়িত্বও পালন করছেন।’
তবে সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী দলটির সঙ্গে সম্পৃক্ত থাকলে তা গুরুতর বিষয় বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের মেকানিজম আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’
কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।