নিরাপত্তা দিতে না পারলে নাহিদকে লন্ডনে নিলেন কেন: রাশেদ
লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যে তাকে আমন্ত্রণ জানানো ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, নিরাপত্তা দিতে না পারলে কেন আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলামকে লন্ডনে নেওয়া হলো?
মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ প্রশ্ন তোলেন রাশেদ খান। এ সময় তিনি নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
রাশেদ খান বলেন, দেশের ভেতরে গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত ও এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দায়ী করেছিল, লন্ডনের এ ঘটনার জন্য তারা কাকে দায়ী করবে? এ ক্ষেত্রেও তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের হুমকির বিরুদ্ধে থানায় জিডি করলে হবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নাহিদ ইসলামের ওপর হামলার পরও এনসিপি ও জামায়াত কেন কোনো মিছিল বের করেনি, সে বিষয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।
এ সময় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।