শেখ হাসিনা ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ আছে কি
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ফলে এখন তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের দাবি, আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও শেখ হাসিনা আপিল করেননি। ফলে ভবিষ্যতে তার আপিল করার আর কোনো আইনগত সুযোগ নেই। এমনকি আপিলের শুনানি ছাড়াই তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে সংবিধানের ১০৪ অনুচ্ছেদে উল্লেখিত ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার বিশেষ ক্ষমতার সুবিধাও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।
তবে তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। তারা বলছেন, আপিলের নির্ধারিত সময় পার হলেও বিশেষ পরিস্থিতিতে বিলম্ব মওকুফের আবেদন করার সুযোগ রয়েছে। বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা কার্যকরের আগে আপিলের সুযোগ নিশ্চিত করা ন্যায়বিচারের মৌলিক নীতির অংশ।
শেখ হাসিনার আপিল করার আদৌ সুযোগ আছে কি
১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে শেখ হাসিনার সরকার হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার হয়। পরে আপিলের শুনানি শেষে তাঁদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালেই ২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। তবে ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে সে সময় আইনজীবী ও মানবাধিকারকর্মীদের অনেকে প্রশ্ন তুলেছিলেন।
২০২৫ সালের ১৭ নভেম্বর গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। তবে শেখ হাসিনা ও তার দল শুরু থেকেই ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে। রায়ের পর চলতি বছরের এপ্রিলে বিদেশি একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে রায় বাতিলের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠিও পাঠান শেখ হাসিনা।
ওই চিঠিতে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার সম্পন্ন করা হয়েছে, তাতে ‘আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড’ লঙ্ঘিত হয়েছে।
এরই মধ্যে গত জুলাইয়ে শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দেন। একই সঙ্গে পাসপোর্ট চাওয়ার বিষয়টি ঘিরে বাংলাদেশের কাছে তার আইনি অবস্থান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
সরকার ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বারবারই বলে আসছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বন্দি হিসেবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।
সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এবং লিমিটেশন অ্যাক্ট, ১৯০৮-সহ বিভিন্ন আইনের ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা আপিল করার সুযোগ হারিয়েছেন।
তবে তার এই দাবির সঙ্গে একমত নন অনেক আইনজীবী। তাদের মতে, বাংলাদেশের বিচারব্যবস্থায় এমন কোনো নজির নেই, যেখানে মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে শুনানি ছাড়াই চূড়ান্তভাবে কার্যকর করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ফৌজদারি মামলার অন্যতম মূলনীতি হলো, কোনো রায়কে আপিলের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের বিচারব্যবস্থাও সেই নীতির ভিত্তিতে পরিচালিত হয়।
তিনি বলেন, যারা বলছেন, তিনি (শেখ হাসিনা) আপিল করতে পারবেন না, তারা সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে এমন বক্তব্য দিচ্ছেন।
মনজিল মোরসেদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা সম্ভব না হলে সুপ্রিম কোর্টের বিধিমালা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে শেখ হাসিনা আপিল বিভাগে বিলম্বিত আপিলের আবেদন করতে পারবেন। আবেদনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে না পারার কারণ ব্যাখ্যা করতে হবে।
তার ভাষ্য, আপিলের ক্ষেত্রে আমার মনে হয়, লিমিটেশন অ্যাক্টের চেয়ে সুপ্রিম কোর্টের রুলসই যথেষ্ট। কারণ, এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলসের পাশাপাশি সংবিধানও বিবেচনায় নিতে হবে। সবকিছু একসঙ্গে পড়লে দেখা যাবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করা আসামির অধিকার। কারণ, আপনি তো একজন ব্যক্তিকে ফাঁসি দিতে যাচ্ছেন।
এই আইনজীবীর মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য না শুনে তাকে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশেই এ ধরনের আইনি প্রথা প্রচলিত রয়েছে।
ন্যায়বিচারের মৌলিক নীতি অনুযায়ী, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হয়। আইনজীবীদের মতে, আপিলের নির্ধারিত সময় পার হলেও বিশেষ পরিস্থিতিতে বিলম্ব মওকুফের মাধ্যমে সেই সুযোগ নিশ্চিত করা সম্ভব।
মনজিল মোরসেদ বলেন, এগুলো তো সব সময়ই চলে আসছে। শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের বিধিমালায়ও বিলম্ব মওকুফ করে আপিল করার বিধান রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১০ থেকে ১২ বছর পরও আপিল করার নজির রয়েছে।
এর অন্যতম উদাহরণ শেখ মুজিবুর রহমান হত্যা মামলা। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। সর্বোচ্চ আদালতে মামলাটির আপিল শুনানি শেষে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। তাদের মধ্যে কয়েকজন এখনো পলাতক। মহিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করেন। পরে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাঁকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ পাওয়ার কি সুযোগ আছে
সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার বিশেষ ক্ষমতার সুবিধাও শেখ হাসিনা পাবেন না বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিলের আদেশসহ আপিল বিভাগের বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করার ক্ষমতা ওই বিভাগের রয়েছে।
তবে এর আগে, গত জুলাইয়ে শেখ হাসিনা প্রথমবার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর চিফ প্রসিকিউটর বলেছিলেন, আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগের অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো আইনে কোনো বিষয় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে বা আইনি প্রতিকারের ঘাটতি থাকলে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে।
এদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন—এটি যেমন সত্য, তেমনি সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় না।
তিনি বলেন, কমপ্লিট জাস্টিস বা মানবাধিকারের বিষয়টি শুধু বাংলাদেশের সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আইনের একেবারে প্রাথমিক নীতি। একজন মানুষ হিসেবে প্রকৃতি ও রাষ্ট্রের কাছ থেকে যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকারগুলো তাঁকে দিতে হবে।
একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজীবী।
রাশিদা চৌধুরী বলেন, ট্রাইব্যুনালটি যথাযথ নিয়ম ও আইন মেনে গঠন করা হয়েছিল কি না, সেখানে যারা নিয়োগ পেয়েছিলেন, তারা আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ পেয়েছিলেন কি না—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। একইভাবে রায় দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্যগ্রহণ, জেরা, যুক্তিতর্ক, প্রমাণ উপস্থাপনসহ পুরো বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি। যদি এসব বিষয় প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া থেকে শুরু করে এর পরবর্তী কার্যক্রমও প্রশ্নের মুখে পড়বে।
অন্যদিকে, ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সরকারের নীতিনির্ধারকেরা বরাবরই অস্বীকার করে আসছেন। সূত্র: বিবিসি বাংলা