ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সাগরে যাওয়ার প্রস্তুতির সময় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপরজন স্থানীয়ভাবে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাছের খাল বাজারসংলগ্ন মাছের খালে নোঙর করা একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির নাম জাহিদ হাসান। এর মালিক দুলাল খান।
দগ্ধ ব্যক্তিরা হলেন পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)।
ট্রলারের মালিক দুলাল খান জানান, ১৪ জন জেলে নিয়ে বাজারসদাই করে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তারা। দুপুরের খাবার খেয়ে সাগরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ সময় ট্রলারের বাবুর্চি রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারে থাকা তিনজন দগ্ধ হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাকি ১১ জন জেলে ট্রলারে না থাকায় তারা অক্ষত রয়েছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাঁকা বিল্লাহর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আলম খানের মাথায় কেটে ও পুড়ে যাওয়ায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। ট্রলারের মালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইস্মিতা বলেন, দগ্ধ তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।