বরগুনায় এক প্রবাসীকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নিহত মো. আফাং শিকদার (৪৫) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে। তিনি একজন প্রবাসী ছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) দুপুরে পরকীয়া প্রেমের জেরে প্রবাসী আফাংকে জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ ওঠে তার স্ত্রী রাবেয়ার বিরুদ্ধে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে শনিবার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
নিহতের বড় বোন অভিযোগ করে বলেন, ভাইয়ের স্ত্রী, মেয়ে এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক হাসান মিলে তাকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।
এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবি করে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধের সময় বিক্ষুব্ধ এলাকাবাসী নিহতের স্ত্রী ও মেয়েকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। বরগুনা-১ আসনের সংসদ সদস্যও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসীর হাত থেকে তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।