পাহাড়ে সংঘাত বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা প্রসীত খীসা বলে মন্তব্য করেছেন ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতারা। তাদের দাবি, পাহাড়ের সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হতো। কিন্তু প্রসীত খীসার অবস্থানের কারণে সেই ঐক্য গড়ে ওঠেনি।
রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি শহরের মারমা কল্যাণ সংসদ হলরুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গণতান্ত্রিক অংশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করে নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সংঘাত জিইয়ে রাখা হয়েছে। তাদের ভাষ্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে পাহাড়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারত।
বক্তারা আরও বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা বেড়েছে। ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে তারা উন্নয়ন ও জুম্ম জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান তারা।
‘সত্যের জয় অনিবার্য’ স্লোগানে প্রতিষ্ঠিত সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা শহরের সূর্যশিখা ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা। আরও বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে আপস চুক্তি আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠিত হয়। পরে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি বিভক্ত হয়। ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ গণতান্ত্রিক নামে নতুন সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।