ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শহরজুড়ে সচেতনতামূলক কর্মসূচি

মাদক-যৌতুক-জুয়ার বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৫ নভেম্বর ২০২৬
মাদক-যৌতুক-জুয়ার বিরুদ্ধে হাজারো মানুষের শপথ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদক, যৌতুক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং আলোকিত লালমনিরহাটের প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মন্ত্রীর সঙ্গে অংশ নেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এ সময় ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ ও ‘জুয়াকে না বলুন’ স্লোগানে সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেন তাঁরা। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালির উদ্বোধনকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ আন্দোলনের যাত্রা। ইতিমধ্যে এ উদ্যোগ জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

মন্ত্রী আরও জানান, এই জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!