ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা, ৩০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন আল আমিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা, ৩০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন আল আমিন
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, রনির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়দের ভাষ্য, হত্যাকাণ্ডের পর আল আমিন ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দু-এক দিন আগেও রনির সঙ্গে আল আমিনের বিরোধ হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণসহ বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!