ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝাড়ু-লাঠি হাতে রাজপথে হাজারো মানুষ, উত্তাল গোপালগঞ্জ

আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে প্রবেশ, ভাঙচুর-অগ্নিসংযোগে শহরজুড়ে অচলাবস্থা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৫ নভেম্বর ২০২৬
ঝাড়ু-লাঠি হাতে রাজপথে হাজারো মানুষ, উত্তাল গোপালগঞ্জ
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে ঝাড়ু, লাঠিসোঁটা, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভে অংশ নিয়েছেন সাধারণ মানুষ ও শত শত নারী। মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। দীর্ঘদিন বন্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরের দিকে শহরে বড় বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপুলসংখ্যক নারীও অংশ নেন। তাঁদের অনেকের হাতে ছিল ঝাড়ু। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রও দেখা যায়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।

এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। জেলা প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভের একপর্যায়ে মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যান নেতাকর্মীরা। সেখানে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান দেন তাঁরা। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার ঘটনাও ঘটে।

অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে।

এতসব ঘটনা ঘটলেও বিক্ষোভ চলাকালে পুলিশকে তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে আগের রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল।

এদিকে বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার আরও ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি সূত্র জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করে। মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বিঘ্নিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!