দুবাই ফেরত বাঁশখালীর যুবকের পায়ুপথে মিলল ৪ সোনার ডিম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে দুবাইফেরত এক যুবককে আটক করেছেন কাস্টমস গোয়েন্দারা। তাঁর পায়ুপথ থেকে চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু এবং পরিহিত অন্তর্বাস থেকে স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব বস্তুর মোট ওজন প্রায় এক কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে হাসান মিয়ার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। একপর্যায়ে এক্স-রে পরীক্ষায় তাঁর পায়ুপথে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব শনাক্ত হয়।
পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রের সদস্য এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত করা হবে।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।