ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজনীতি থেকে অবসরের ঘোষণা সালথা উপজেলা আ.লীগ সভাপতির

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতি থেকে অবসরের ঘোষণা সালথা উপজেলা আ.লীগ সভাপতির
ছবি: ডেইলি বাংলাদেশ

দলীয় কোন্দল, অভ্যন্তরীণ নির্যাতন ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় সব পদ থেকে পদত্যাগ এবং রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া (৬৭)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন মিয়া জানান, তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে প্রায় ২৫ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার জীবনে নানা প্রতিকূলতা শুরু হয়। এসব ঘটনার জন্য তিনি ফরিদপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং ছোট ছেলে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুকে দায়ী করেন।

তিনি বলেন, ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া মাঠে একটি জনসভায় বাবলু চৌধুরীর নির্দেশে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাবা-মায়ের কবরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। এসব মামলায় তাকে টানা এক বছর কারাগারে থাকতে হয়। পরবর্তী সময়ে আদালত তাকে সব মামলা থেকে অব্যাহতি দেন বলে জানান তিনি।

দলীয় পদে থেকেও অসহায়ত্বের কথা তুলে ধরে দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বাবলু চৌধুরী ও লাবু চৌধুরীর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নেতাকর্মীদের ওপর নির্যাতন চললেও তিনি ছিলেন নামমাত্র সভাপতি। দলের সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। বর্তমানে হামলা-মামলার শিকার হয়ে অনেক নেতাকর্মী এলাকাছাড়া থাকলেও সভাপতি হিসেবে তিনি তাদের কোনো আইনি সহায়তা দিতে পারেননি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। দায়িত্বে থেকেও যদি সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপকার করতে না পারেন, তাহলে ওই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।

সংবাদ সম্মেলনে দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের কোনো ভুলত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান তিনি। রাজনীতি থেকে দূরে থাকলেও বাকি জীবন সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, কোনো চাপের কাছে মাথা নত করে তিনি পদত্যাগ করছেন না। স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!