সংসার সামলে কেকের ব্যবসায় সফল ফরিদপুরের শতাধিক নারী
জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো আয়োজন, কেক ছাড়া যেন উদযাপনই অসম্পূর্ণ। সময়ের সঙ্গে বেড়েছে কেকের চাহিদা। সেই চাহিদাকে কেন্দ্র করে ফরিদপুরে গড়ে উঠেছে নারীদের নতুন এক উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরি শুরু করে এখন অনলাইন ব্যবসায় স্বাবলম্বী হচ্ছেন জেলার শতাধিক নারী। কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ সংসারের দায়িত্ব সামলে, আবার কেউ কেক তৈরির প্রশিক্ষণ দিয়ে অন্য নারীদেরও উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে অনেক নারীই গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা। কারও মাসিক বিক্রি কয়েক হাজার টাকা, কারও আবার লাখ টাকা ছাড়িয়েছে। ছোট পরিসরে শুরু হওয়া এসব উদ্যোগ এখন অনেকের কাছে হয়ে উঠেছে আয়ের পাশাপাশি আত্মপরিচয় তৈরির মাধ্যম।

ফরিদপুরের এমনই একজন উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি। অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী মা শামীমা নাসরিনকে সঙ্গে নিয়ে তৈরি করছেন কেক ও ফ্রোজেন ফুড। শখ থেকেই মা-মেয়ের এই উদ্যোগের শুরু। প্রথম দিকে পরিবারের সদস্য ও পরিচিতজনদের জন্য কেক তৈরি করতেন তাঁরা। ধীরে ধীরে প্রশংসার পাশাপাশি আসতে থাকে অর্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে শুরু করেন বাণিজ্যিকভাবে কেক বিক্রি। বর্তমানে তাঁদের মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
_1794387609.jpeg)
তিথলি বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের কিছু করার ইচ্ছা থেকেই কেক তৈরির কাজ শুরু করেন। প্রথমে শখের বশে কাজ করলেও ক্রেতাদের ইতিবাচক সাড়া তাঁকে ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করেছে। এ ক্ষেত্রে মায়ের সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার পাশাপাশি সময় ভাগ করে কেক তৈরি, অর্ডার নেওয়া ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করছেন তাঁরা। ভবিষ্যতে উদ্যোগটি আরও বড় করার স্বপ্ন দেখেন তিনি।
সংসারের দায়িত্ব সামলেও যে নিজের পরিচয় ও আর্থিক সক্ষমতা তৈরি করা সম্ভব, তার উদাহরণ আয়শা সিদ্দিকা স্মৃতি। তিন সন্তানের এই মা সংসারের কাজের পাশাপাশি অনলাইনে কেক বিক্রি শুরু করেন। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তাঁর এই যাত্রা। শুরু থেকেই স্বামীর সহযোগিতা পেয়েছেন তিনি।
_1794387659.jpeg)
প্রথমে সীমিত পরিসরে কেক তৈরি করে পরিচিতজনদের কাছে বিক্রি করতেন স্মৃতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতা বাড়তে থাকায় নিয়মিত অর্ডার নিতে শুরু করেন। বর্তমানে তাঁর মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের উপার্জনে পরিবারের আর্থিক অবস্থায়ও অবদান রাখছেন তিনি।
স্মৃতি বলেন, সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরির ইচ্ছা থেকেই কাজটি শুরু করেছিলেন। শুরুতে অনেক কিছুই নতুন ছিল। তবে স্বামীর উৎসাহ ও সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন নিয়মিত অর্ডার পাচ্ছেন। নিজের উপার্জন দিয়ে পরিবারকে সহযোগিতা করতে পারা তাঁর কাছে বড় প্রাপ্তি। ভবিষ্যতে ব্যবসাটি আরও এগিয়ে নিতে চান তিনি।
অন্যদিকে, কেক তৈরির শখকে পেশায় রূপ দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন নিলুফা ইয়াসমিন রত্না। দীর্ঘদিন ধরে পেশাদারভাবে কেক তৈরি করছেন তিনি। নিজের ব্যবসার পাশাপাশি নতুনদের হাতে-কলমে কেক তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারীই নিজেদের উদ্যোগ শুরু করেছেন।

বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনের জন্য কেকের অর্ডার নেন রত্না। এক দিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে প্রায় ৫০ হাজার টাকা বিক্রির রেকর্ড রয়েছে তাঁর। এ ছাড়া এককভাবে ৬০ পাউন্ড ওজনের কেকও তৈরি করেছেন। বড় অর্ডার সামলাতে পরিকল্পনা, দক্ষতা ও সময় ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়েই ব্যবসার পরিধি বাড়িয়েছেন তিনি।
নিলুফা ইয়াসমিন রত্না বলেন, কেক তৈরিকে শুধু ব্যবসা নয়, দক্ষতা ও সৃজনশীলতার জায়গা হিসেবেও দেখেন তিনি। নিজের আগ্রহ থেকে কাজটি শুরু করলেও ক্রেতাদের সাড়া পেয়ে পেশাদারভাবে এগিয়ে গেছেন। এখন নিজের কাজের পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে তাঁরাও ঘরে বসে আয় করতে পারেন। সঠিক প্রশিক্ষণ, মানসম্মত উপকরণ ও ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে এ খাতে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।
_1794387749.jpeg)
শখের বশে কেক তৈরি শুরু করেছিলেন গৃহিণী রহিমা সুলতানা রিদি। পরিবারের সদস্যদের জন্য কেক বানাতে বানাতেই তৈরি হয় তাঁর দক্ষতা। পরে পরিচিতজনদের আগ্রহ ও অনুরোধে কেক বিক্রির সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যোগের প্রচার শুরু করলে ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। বর্তমানে ঘরে বসেই নিয়মিত কেক তৈরি ও বিক্রি করছেন তিনি। মাসে তাঁর কেক বিক্রির পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা।
রহিমা সুলতানা রিদি বলেন, প্রথমে নিজের শখ পূরণের জন্য কেক তৈরি করতেন। পরে বুঝতে পারেন, এই কাজের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব। সেখান থেকেই ব্যবসা শুরু। এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন। নিজের উপার্জনে সংসারে সহযোগিতা করতে পারছেন। পাশাপাশি আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীলতাও কমেছে। তাঁর মতে, ইচ্ছা ও পরিশ্রম থাকলে নারীরাও ঘরে বসে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন।

ফরিদপুরে ঘরে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে নারীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, অল্প পুঁজি ও নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলছেন। এসব উদ্যোগ টেকসই ও সম্প্রসারণে উদ্যোক্তাদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং ঋণসহায়তার সুযোগ রয়েছে।
বিসিক ফরিদপুরের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, ঘরে তৈরি খাদ্যপণ্য নিয়ে নারীদের উদ্যোগকে উৎসাহিত করছে বিসিক। কেক, পেস্ট্রি কিংবা অন্যান্য খাদ্যপণ্য তৈরি করে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের নিবন্ধনের সুযোগ রয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক পরিচিতি পাওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারেন।
_1794387850.jpeg)
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে খাদ্যপণ্য তৈরি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ও ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবসা সম্প্রসারণে আগ্রহীদের জন্য স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগও রয়েছে। প্রয়োজনীয় নিয়মকানুন ও যোগ্যতা পূরণ করে আবেদন করলে নির্দিষ্ট প্রক্রিয়ায় ঋণ পাওয়া সম্ভব। তবে শুধু পণ্য তৈরি করলেই হবে না, গুণগত মান, পরিচ্ছন্নতা, সঠিক মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ঘরে তৈরি খাদ্যপণ্যের বাজার আগের তুলনায় অনেক বড় হয়েছে। বিশেষ করে নারীদের জন্য এ খাতে নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন, সময়মতো অর্ডার সরবরাহ এবং ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
ফরিদপুরের এসব নারী উদ্যোক্তার গল্প প্রমাণ করছে, স্বাবলম্বী হওয়ার জন্য বড় কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। ঘরের রান্নাঘরে ছোট পরিসরে শুরু হওয়া একটি উদ্যোগও হয়ে উঠতে পারে আর্থিক স্বাধীনতা ও আত্মপরিচয় তৈরির মাধ্যম। প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ পেলে এসব উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।